‘ইয়ামাল অনেক উঁচু মানের ব্যতিক্রমী প্রতিভা’

অভিষেক হয়েছে মাত্র ১৬ বছর বয়সে। শুরুতেই দূরপাল্লার বাঁকানো শটে দুনিয়া মাতিয়ে দিয়েছেন। হয়ে উঠেছেন স্পেন ও বার্সেলোনার অবিচ্ছেদ্য অংশ। সেই লামিনে ইয়ামালকে এবার প্রশংসায় ভাসালেন স্পেন ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড সেস ফাব্রেগাস।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি লামিনে ইয়ামালের কথা বলব… মাঠে যে প্রভাবটা সে রাখছে। আপনার যখন এমন প্রতিভা, এত উঁচু মান থাকবে, সেটি স্বাধীনভাবে কাজে লাগানো এবং মাঠে সে সেভাবে নিজেকে মেলে ধরে, তার সৃষ্টিশীলতার কারণে তা দেখা চমৎকার অভিজ্ঞতা।’

চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ১১ ম্যাচে ৫টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। ১৭ বছর বয়সী ইয়ামালের মাঝে বড় কিছুর সম্ভাবনাই দেখেন ফাব্রেগাস, ‘আমি মনে করি, সে ব্যতিক্রমী প্রতিভা। সে এমন একজন যাকে নিজের মতো খেলতে ছেড়ে দিতে হবে। যখনই তাকে প্রেস করা হবে, সে পার্থক্য গড়ে দেবে। আর প্রেস না করলে সঠিক সমাধান খুঁজে নেবে। সেটা যাই হোক, খেলার চাহিদা অনুযায়ী সে পথ বের করে নেবে।’

তিনি আরও বলেন, ‘ম্যাচের অবস্থা পড়তে পারার ক্ষমতা আছে তার এবং কী করতে হবে সে বোঝে। আমি মনে করি এটি বড় খেলোয়াড়, পরিপক্ব খেলোয়াড় হওয়ার লক্ষণ। তার ব্যাপারে আমার যেটা সবচেয়ে ভালো লাগে, দেখে মনে হয় সে যেন পাড়ার রাস্তায় খেলছে। সবকিছু খুব সহজ মনে হয় তার জন্য। মনের দিক থেকে সে মুক্ত।’