বলিউড সুপারস্টার সালমান খানকে ৫ কোটি রুপি চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। টাকা না দিলে অভিনেতার ভাগ্য মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে, যিনি সম্প্রতি বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের হাতে খুন হন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে মুম্বাই ট্রাফিক পুলিশকে পাঠানো একটি হোয়াটসঅ্যাপ মেসেজে এ হুমকি দেওয়া হয়।
হোয়াটসঅ্যাপে পাঠানো ওই বার্তায় বলা হয়, ‘হালকাভাবে নেবেন না, যদি সালমান খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে চান তবে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মুম্বাই পুলিশ এই বার্তার উৎস খুঁজে বের করতে কাজ করছে এবং সালমান খানের বান্দ্রার বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে। আগের হুমকির পর থেকেই অভিনেতার নিরাপত্তার বিষয়ে উচ্চ সতর্কতায় রয়েছে পুলিশ। তবে এই ঘটনাটি তার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
বিষ্ণোই গ্যাংয়ের হত্যার হুমকি দেওয়ার ঘটনা এই প্রথম নয়। ২০২২ সালে অভিনেতাকে হুমকি দেওয়া চিঠি তার বাসভবনের কাছে একটি বেঞ্চে পাওয়া গিয়েছিল এবং ২০২৩ সালের মার্চ মাসে একটি ইমেইল পেয়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করে খানের পানভেল ফার্মহাউসে প্রবেশের চেষ্টা করে।
লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সালমান খানের বিরোধ বেশ কয়েক বছর আগের। বর্তমানে জেলবন্দি এই গ্যাংস্টার ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় জড়িত থাকার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে ক্ষোভ পোষণ করেছেন বলে জানা গেছে। কারণ, বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে শ্রদ্ধা করে এবং এই ঘটনাটি এই গ্যাংয়ের প্রতিশোধ নেওয়ার প্রাথমিক কারণ।