সঞ্জয় লীলা বানসালির অন্যতম মাস্টারপিস শাহরুখ খান অভিনীত ‘দেবদাস’। সিনেমাটি মুক্তি পাওয়ার ২২ বছর কেটে গেলেও আজ অবধি সিনেমাপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। সম্প্রতি এক অনুষ্ঠানে দেবদাসে অভিনয় নিয়ে অনেক অজানা কথা জানিয়েছেন বলিউড কিং।
৭৭তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে ‘পারদো আল্লা ক্যারিয়ারা আসকোনা-লোকার্নো ট্যুরিজম অ্যাওয়ার্ড’ পাওয়ার পর অনুষ্ঠানের প্রযোজকদের আয়োজিত আলোচনায় বসেন শাহরুখ।
এই সিনেমা শুধু তার জন্য সৌভাগ্য বয়ে আনেনি, একটি খারাপ অভ্যাসেও জড়িয়ে পড়েছিলেন দেবদাসের কারণে। দেবদাস চরিত্রটি ফুটিয়ে তুলতে গিয়ে মদ্যপানে আসক্ত হয়ে পড়েছিলেন তিনি।
শাহরুখ খান জানান, অনেক প্রবীণ ব্যক্তির কাছ থেকে সিনেমাটির বিরুদ্ধে পরামর্শ পাওয়া সত্ত্বেও দেবদাসে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। কারণ তিনি মনে করতেন, তার মা এটি পছন্দ করবেন।
‘কোনো কারণে আমার সবসময়ই মনে হয়েছে, আমি যদি অনেক বড় সিনেমা বানাই, তাহলে আমার বাবা-মা স্বর্গ থেকে সেগুলো দেখতে পারবেন। এটি একটি শিশুসুলভ চিন্তা, তবে আমি এখনো আমার মাকে তারকা বলে মনে করি,’ বলেন শাহরুখ খান।
তবে দেবদাস চরিত্রে অভিনয় করার সময় তিনি অ্যালকোহলের দিকে ঝুঁকেছিলেন। এটা সাহায্য করেছে কিনা জানতে চাইলে শাহরুখ খান বলেন, ‘আমি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছি।’
২০০২ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে দেবদাসের চরিত্রে শাহরুখ, পারোর চরিত্রে ঐশ্বরিয়া এবং চন্দ্রমুখীর চরিত্রে মাধুরী এই ত্রয়ীর নিখুঁত অভিনয় দর্শকদের হৃদয়কে নাড়া দিয়েছিল। ৫০ কোটি রুপির সিনেমাটি আয় করেছিল ৯৯ দশমিক ৮৮ কোটি। ওই বছর কান চলচ্চিত্র উৎসবেও দেবদাস দেখানো হয়।