আবারও হাওয়ায় তুষির খবর

প্রথম সিনেমা ‘হাওয়া’ দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। প্রথম সিনেমা মুক্তির দুই বছর পর এই নির্মাতা এবার ফিরছেন নতুন সিনেমায়। এই সিনেমা দিয়েই আলোচনায় এসেছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজিফা তুষি। হাওয়া যেমন বাতাসে ছড়িয়েছিল, তেমনই তুষির নামও হাওয়ার সঙ্গে ছড়িয়েছিল। তারপর দীর্ঘদিন ছিলেন না বড় পর্দায়। ফের ফিরছেন এই অভিনেত্রী। আগের পরিচালকের নতুন ছবির নায়িকা হচ্ছেন তুষি।

সম্প্রতি তুষি জানিয়েছিলেন, নতুন কাজের জন্য ধৈর্য ধরতে। তাকে আগামী বছর পর্দায় দেখা যাবে। একে একে তিনটি নতুন কাজ মুক্তি পাবে। তবে সেগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ এ অভিনেত্রী। দর্শকদের অপেক্ষাতেই থাকার অনুরোধ জানান।

তবে কাজ প্রসঙ্গে এখন জানতে চাইলে অস্পষ্টভাবে তুষি বলেন, হাতে কিছু কাজ রয়েছে, সেগুলোর দিকেই মনোযোগ। সিনেমা নাকি সিরিজে অভিনয় করছি, এগুলো এখনই বলা যাবে না। তবে দর্শক সামনে কিছু কাজ পাবে।

হাওয়া ছবির পরিচালক মেজবাউর রহমান সুমন নিজের পরবর্তী সিনেমার শুটিং শুরু করেছেন। তার এবারের সিনেমার নাম ‘রইদ’। এই ‘রইদ’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল, যেখানে প্রযোজক ছিলেন জয়া আহসান। তবে পরিচালকের সঙ্গে মতের মিল না হওয়ায় সিনেমাটির অনুদান ফেরত দেন জয়া। এখন সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশন্স।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানিয়েছে, ১৮ অক্টোবর শ্রীমঙ্গলে সিনেমাটির একটি লটের শুট শেষ হয়। সুমনের প্রথম সিনেমার মতো দ্বিতীয় সিনেমাতেও পাত্রী হিসেবে থাকছেন নাজিফা তুষি। আর পাত্র হিসেবে আছেন মোস্তাফিজুর নুর ইমরান।

এদিকে ছবির নায়িকা ফের পুরোদমে ক্যামেরার সামনে ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিগত জীবন নিয়েও এক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। বললেন, ‘আমি এখন ক্যারিয়ারেই বেশি গুরুত্ব দিচ্ছি। অন্য কিছু নিয়ে ভাবছি না। মধ্যে পরিবার থেকে বিয়ে নিয়ে কথা বললেও, আমার আগ্রহ না থাকায় মা-বাবাও আর এখন এ বিষয়ে তেমন কিছু বলতে পারেন না। আমি কাজের বাইরে এখন আর কিছু নিয়েই ভাবতে চাই না। তাই দর্শকদের আগের মতো করেই বলব একটু অপেক্ষা করুন, সামনে কাজ আসছে।

এদিকে ‘রইদ’ চলচ্চিত্রটি কঠোর গোপনীয়তা রক্ষা করার জন্য এখনই কিছু বলছেন না সিনেমা সংশ্লিষ্টরা। শুটিং শেষ হলেই জানা যাবে সব।