মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির মৃত্যুর পর বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সালমান ঘনিষ্ঠ হওয়ার কারণেই হত্যা করা হয়েছে তাকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে বহুদিন ধরেই আছেন সালমান। বারবার তাকে হত্যার হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা।
বাবা সিদ্দিকি হত্যার পর আরও সংকটের মুখে পড়েছে সালমানের নিরাপত্তা। নতুন নতুন হুমকির বার্তা দেওয়া হচ্ছে তাকে। বাবা সিদ্দিকির চেয়েও ভয়ংকর পরিণতি হবে সালমানের, এমন হুমকিও এসেছে। এ হুমকিবার্তায় সালমানের কাছ থেকে পাঁচ কোটি টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে ওরলি পুলিশের ফোনে এই হুমকিবার্তা আসে। এ বার্তা পাওয়ার পর জোরালো তদন্ত শুরু করেছে পুলিশ।
হরিয়ানা থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ধৃত ব্যক্তিকে সালমান খানকে খুনের কনট্রাক্ট দেওয়া হয়েছিল। সুপারস্টারকে খুনের চক্রান্ত সাজিয়ে প্রায় ৭০ জনকে কাজে লাগানো হচ্ছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানতে পেরেছে পুলিশ।
বাবা সিদ্দিকি খুনের আগে মুম্বাইয়ে এ আর মুরুগাদোসের ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন সালমান। কিন্তু এ পরিস্থিতিতে কি শুটিং অব্যাহত থাকবে? এই প্রশ্ন ঘুরছিল বলিউডের অন্দরে। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শুটিংও পিছিয়ে যাচ্ছে, এমনটাও শোনা যাচ্ছিল। তবে এসব হুমকিকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না সালমান। হুমকিতে ভয় পেয়ে কাজ বন্ধ রাখার পক্ষে নন তিনি। সালমানের ম্যানেজার জানিয়েছেন, কোনো শুটিংই পেছাবে না। ঠিক সময়ে সব শুটিং শেষ করবেন তিনি।