ডলারের প্রলোভনে প্রতারণা, গ্রেপ্তার ১

যুক্তরাষ্ট্রে মারা যাওয়া কথিত ব্যক্তির বীমার ৫০ লাখ ডলারের প্রলোভন দেখিয়ে অভিনব উপায়ে প্রতারণার ঘটনায় পান্না বেগম (৪১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট থানা। গত বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করা ৬ লাখ ১ হাজার ২৫০ টাকা, বিভিন্ন ব্যাংকের ৩৬টি অ্যাকাউন্টের চেকের পাতা, ৩টি ভিসা কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড, পান্না ইন্টারন্যাশনাল নামক ভুয়া এজেন্সির ৮টি ভিজিটিং কার্ড, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি রাবার স্ট্যাম্প ও ১টি সিল প্যাড এবং ১টি অফিশিয়াল হ্যান্ডব্যাগ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ৫০ লাখ ডলারের লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে ভিকটিম মো. নুরুজ্জামান বাদী হয়ে গত ১২ অক্টোবর নিউ মার্কেট থানায় মামলা করেন। সেই মামলায় এর আগেও একজনকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে পান্না বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার পান্না বেগম সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে মূলত আন্না হ্যারিস নামে ভুয়া ফেসবুক আইডিটি পরিচালনা করত এবং নিজেকে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে ভিকটিমদের ফোন করে তাদের কাছে টাকা চাইত। এভাবে প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে একই কৌশলে অসংখ্য মানুষকে ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।