তারেক রহমানের মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে করা মিথ্যা মামলা প্রত্যাহার, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও সভাপতি প্রার্থী জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কাঁচপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে জাকারিয়া ভূঁইয়া বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার আগামীর দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে তাকে স্ব-সম্মানে দেশে আসার সুযোগ করে দিতে হবে।’

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ জালাল, মাসুদ রানা বাবু, সিফাত আদনান, তাইজুল ইসলাম, আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম, সাবেক যুগ্ম আহ্বায়ক অন্তু  প্রমুখ।