আপনারা (অন্তর্বর্তী সরকার) আনুপাতিক ভোটের নির্বাচনকে সামনে এনে জটিলতা তৈরি করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এ জটিলতা তৈরি মানে, স্বাধীনতাবিরোধীদের মদদ দেওয়া। পৃথিবীর অনেক দেশ এ পদ্ধতি চালু করে ফিরে এসেছে। নেপাল চালু করেছিল, এলোমেলো হয়ে গেছে।’ গতকাল শুক্রবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, একটা নতুন পদ্ধতি তৈরি করতে হলে সমাজ এবং জনগণের আকাক্সক্ষার মিল থাকতে হবে। সুশীল সমাজ এটার ওপর বক্তব্য রাখছেন, আর এটার ওপর ভিত্তি করে আপনারা যদি মনে করেন এটা সঠিক, তাহলে নির্বাচনব্যবস্থা আরও ভেঙে যাবে। এখন এই আনুপাতিক পদ্ধতিটা বুঝতেই চলে যাবে ৫ থেকে ১০ বছর। তাছাড়া, পতিত স্বৈরাচার বসে নেই। শেখ হাসিনা শীর্ষ সন্ত্রাসী, খুনি। তাকে আশ্রয় দেওয়া মানে অপরাধকে আশ্রয় দেওয়া। গতকাল (বৃহস্পতিবার) তাদের (ভারত) বক্তব্য দেখে মনে হচ্ছে তারা বিগ ব্রাদারের মতো আচরণ করছে। সেখান থেকে তাদের বেরিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এখনো স্বৈরাচারের হিংস্র থাবা থেকে মুক্ত হতে পারছি না। হঠাৎ ৫০-৬০টি জেলায় শাটডাউন করা হয়েছে। আমরা প্রায় দিনই বলেছি স্বৈরাচারের দোসররা ভেতরে আছে। এরা কিন্তু নাশকতা করবে। আরইবি ও পল্লীবিদ্যুৎ সংস্থাটি গঠন করেছিলেন জিয়াউর রহমান। গ্রামেগঞ্জে আলো ছড়িয়ে দেওয়ার জন্য, কৃষি উৎপাদনের জন্য এক মহৎ উদ্যোগ নিয়ে গোটা জাতিকে আলোকিত করার উদ্যোগ নিয়েছিলেন। যেহেতু এটি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছেন এটি ধ্বংস করার জন্য স্বৈরাচার নানা ষড়যন্ত্র করেছিল।