বন্যায় ক্ষতিগ্রস্তের পুনর্বাসন করা হবে : ত্রাণ উপদেষ্টা

শেরপুরে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় যেসব মানুষ ঘরবাড়ি হারিয়েছে, বর্তমান সরকার তাদের সবাইকে ঘরবাড়ি তৈরি  করে দেবে এবং বন্যা মোকাবিলায় স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। গতকাল শুক্রবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম এ কথা জানান।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘এমন বন্যার স্থায়ী সমাধান আমরাও চাই। শেরপুরে বন্যায় ক্ষয়ক্ষতি দেখার জন্য আমি এখানে এসেছি। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকার কেন্দ্রীয়ভাবে কমিটি করেছে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়েও কমিটি করা হয়েছে। সবাই মিলেই এই পুনর্বাসনের উদ্যোগকে সফল করা হবে।’

এদিন ত্রাণ উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে দুই বান্ডিল করে টিন এবং ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এ সময় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।