দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকা স্বাস্থ্য সুরক্ষা আইনের কাজ শেষ পর্যায়ে এবং আগামী সপ্তাহেই তা মন্ত্রিপরিষদে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ আয়োজিত ‘দুইশততম মেডিকেল ক্যাম্প উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের আগেই উচিত ছিল দরিদ্র মানুষকে হেলথ কার্ড প্রদান করা কিন্তু সেটা করা হয়নি। দেশের স্বাস্থ্য সুরক্ষা আইন ২০১৪ সাল থেকে শুরু হয়েও এখনো শেষ হয়নি। আমি এই পদে আসীন হওয়ার পর আমাকে সময় দেওয়া হলো মাত্র আট দিন। আমি বললাম, আমি এটা জানি না, আমাকে আগে জানতে হবে তারপর সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে দুই মাস পেরিয়েছে, আমরা আগামী সপ্তাহের মধ্যে এটা কেবিনেটে দিতে পারব বলে আশাবাদী।’