বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে প্রযোজক করণ জোহরের সদ্য মুক্তি পাওয়া সিনেমা 'জিগরা'। আলিয়ার মতো অভিনেত্রী থেকেও জিগরার কপালের জুটল ফ্লপ তকমা।
অন্যদিকে, শোনা যাচ্ছে, লোকসানের কারণে করণ নাকি তার প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের সিংহভাগ শেয়ার বিক্রি করতে চলেছেন। তবে এতসব খবরের মাঝে হঠাৎই চমক দিলেন করণ জোহর। লোকসানের মধ্যে থেকেও নতুন ছবির ঘোষণা দিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির ঘোষণা করলেন করণ। ছবিটি তৈরি হচ্ছে ব্রিটিশ ভারতের আইনজীবী ও রাষ্ট্রনায়ক চেত্তুর শঙ্করন নায়ারের জীবনী নিয়ে। ১৮৯৭ সালে কংগ্রেসের অমরাবতী অধিবেশনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মালয়ালি সভাপতি ছিলেন। এই ছবির মূল চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার। এছাড়াও রয়েছে আর মাধবন, অনন্যা পাণ্ডে। ছবিটি পরিচালনা করবেন করণ সিং ত্যাগী। ২০২৫ সালের মার্চ মাসে মুক্তি পাবে এই ছবি।
প্রসঙ্গত, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের সিংহভাগ শেয়ার নাকি কিনতে চলেছে রিলায়েন্স! সূত্রের খবর, এই নিয়ে নাকি গোপন বৈঠকেও বসেছিলেন মুকেশ আম্বানি ও করণ জোহর। তবে এই নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি রিলায়েন্স বা ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে।