ময়মনসিংহের গফরগাঁওয়ে ঝড়ের সঙ্গে অসময়ে শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। এতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অন্যদিকে ঝড়ে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে।
সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের মিনহাজ মিয়া জানান, ঝড়ে তার বসতঘরের টিনের চালা উড়ে গেছে। শিলাবৃষ্টিতে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বাসুটিয়া গ্রামের সুজন মিয়া জানান, অসময়ে শিলাবৃষ্টির কারণে উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের পর উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবাহ বন্ধ রয়েছে।
গফরগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন জানান, বিদ্যুৎ লাইনের উপর গাছপালা পড়ে থাকায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল আমিন জানান, ঝড় ও শিলাবৃষ্টির ফলে আমন ধান, লাউসহ বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষতি হয়েছে।