জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রকার র্যাগমূলক কর্মকাণ্ড পরিচলনা করলে এবং র্যাগিং এতে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৯ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, র্যাগিং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট/বিভাগ/হল এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মাঝে কেউ র্যাগিং-এর সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এতে আরো বলা হয়, ইনস্টিটিউট/বিভাগ/হলের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে বিষয়টি অবহিত করণের জন্য পরিচালক/চেয়ারম্যান/ প্রভোষ্ট মহোদয়কে অনুরোধ করা হলো।
র্যাগিং বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, এ ব্যাপারে জিরো টলারেন্স। কোনো শিক্ষার্থী র্যাগিংয়ের সঙ্গে জড়িত হলে এবং এর প্রমাণ পাওয়া গেলে আমরা যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেব।