মধ্যপ্রাচ্যের সশস্ত্র সংগঠন হামাস, হিজবুল্লাহ এবং ইরাকের মোবিলাইজেশন ফোর্সকে সন্ত্রাসী আখ্যা দেয়ায় ইরাকের বাগদাদে অবস্থিত সৌদি মালিকানাধীন একটি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে সশস্ত্র হামলা চালিয়েছে শত শত মানুষ।
আজ শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় অফিসটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। বার্তা সংস্থা এএফপির বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
নাম প্রকাশ না করার শর্তে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানায়, শনিবার সকালে এমবিসির বাগদাদ স্টুডিওতে চারশ থেকে পাঁচশ মানুষ হামলা চালায়। এ সময় উত্তেজিত জনতা টেলিভিশন চ্যানেলের ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার ভাঙচুর ও নষ্ট করে এবং ভবনের একটি অংশে আগুন ধরিয়ে দেয়।
সূত্রটি আরও জানায়, পরে পুলিশ এসে ভবনে লাগা আগুন নিভিয়ে ফেলে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে ওই স্থান থেকে সরিয়ে দেয়।
ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন কয়েক দশক ধরে নিজেদের অধিকায় আদায়ের জন্য ইসরায়েলের সঙ্গে লড়াই করে যাচ্ছে। তবে পশ্চিমা অনেক দেশই এসব সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অ্যাখ্যা দিয়ে থাকে।