বনানীতে নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

রাজধানীর বনানীতে পাশবিক নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে শিশুটির উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন তিনি।

ডা. রফিকুল ইসলাম জানান, শিশুটি সুস্থ না হওয়া পর্যন্ত যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির বাবা-মায়ের হাতে নগদ অর্থও তুলে দেন।

তিনি আরো জানান, গণমাধ্যমে শিশুটির ভয়াবহ নির্যাতনের খবর দেখে তারেক রহমান তাকে দ্রুত হাসপাতালে গিয়ে শিশুটির সব ধরনের চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন। তিনি শিশুটির চিকিৎসকের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

এ সময় উপস্থিত ছিলেনড্যাবের সহ সাংগঠনিক সম্পাদক  ডা. মো. জামশেদ আলী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডা. মো. সাইফুল আলম বাদশা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঈনুল হক বলেন, মেয়েটির শারীরিক কষ্ট তো আছেই, সঙ্গে আছে মানসিক আঘাতও (ট্রমা)। মেয়েটি যে ট্রমার মধ্যে আছে, তা নিয়ে তাকে হয়তো জীবনভর ভুগতে হবে।