মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্পের শারীরিক ও মানসিক সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। শুক্রবার (১৮ অক্টোবর) মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে এক সমাবেশে এমন প্রশ্ন তুলেন কমলা। শারীরিক অসুস্থতায় ট্রাম্প গণমাধ্যমে সাক্ষাৎকার বাতিল করছেন এমন খবরে কমলা হ্যারিস এ মন্তব্য করেন।
সমাবেশে ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস ৭৮ বছর বয়সী ট্রাম্পকে নিয়ে বলেন, ‘তিনি যদি নির্বাচনী প্রচারণার ঝামেলা সামলাতে না পারেন, তাহলে তিনি কি কাজ করার জন্য উপযুক্ত?’ এসময় আরও একটি রাষ্ট্রপতি মেয়াদ পরিচালনা করার মতো ‘স্ট্যামিনা’ ট্রাম্পের নেই বলেও মন্তব্য করেন তিনি। হ্যারিস বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য।
হ্যারিস এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী দোদুল্যমান রাজ্য মিশিগানে সমর্থন জোরদারের চেষ্টা করছেন। কেননা আগামী ৫ নভেম্বরের নির্বাচনে জয়ের দৌড়ে এ রাজ্যের ভোট বড় ভূমিকা রাখতে পারে।
এক জনমত জরিপে দেখা গেছে, মিশিগানের পাশাপাশি পেনসিলভেনিয়া এবং উইসকনসিন উভয় প্রার্থীর পক্ষে রয়েছে। ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান হিলারি শোলটেন শুক্রবারের অনুষ্ঠানের উদ্বোধন করার সময় শ্রোতাদের বলেন, ‘এটি সেই জায়গা যা নির্বাচনে সিদ্ধান্ত নিতে যাচ্ছে।’
এদিকে একই রাজ্যে সমাবেশে বক্তব্য রাখার সময় ট্রাম্প ‘ক্লান্ত এবং অনুষ্ঠান বাতিল করার’ খবর অস্বীকার করেছেন। ৪৮ দিন বিশ্রাম না নিয়ে কাটিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘কী অনুষ্ঠান আমি বাতিল করেছি? আমি বাতিল করিনি।’
বরং তিনি (কমলা হ্যারিস) কোনো অনুষ্ঠানে যান না। সে একজন লুজার। এমনকি গত রাতে তিনি হোটেলে ক্যাথলিকদের জন্যও উপস্থিত হননি। এটা অপমানজনক বলে মন্তব্য করেন এ রিপাবলিকান প্রার্থী।