জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জাপান সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। শনিবার (১৯ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফর কালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিত ‘জাপানে এয়ার ফোর্স ফোরাম (এএফএফজে)’ অনুষ্ঠান উপলক্ষ্যে টোকিও’তে ইন্দো-প্যাসিফিক এয়ার চিফস কনফারেন্স (ইন পিএসিটি)সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ যোগদান করেন।

এ ছাড়া বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান গণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।