সিনেমায় অনুদান বন্ধ করে সিনেপ্লেক্স তৈরির দাবি

সিনেমায় অনুদানের টাকা না দিয়ে সেই অর্থে সিনেপ্লেক্স তৈরি করে দেওয়ার দাবি জানালেন চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ। গতকাল শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টেজাব) আয়োজিত ‘চলচ্চিত্রের চাঁদমারি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে এমন কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘সরকার প্রতিবছর ২০ কোটি টাকা সিনেমায় অনুদান দিচ্ছে। এটা বন্ধ করে তিনটি সিনেপ্লেক্স করে দেওয়া উচিত। এতে ইন্ডাস্ট্রি টিকবে। যেভাবে অনুদান দেওয়া হয় এতে ইন্ডাস্ট্রির কোনো লাভ হয় না। পাশাপাশি যৌথ প্রযোজনার নিয়মগুলো চেঞ্জ করা উচিত। এতে করে বড় বাজেটের সিনেমা নির্মাণ করা সম্ভব হবে। যৌথ প্রযোজনার সিনেমাগুলো দিয়েই আমরা অতীতে দেখেছি দর্শকের দল নেমেছে।’

তারিক আনাম খান বলেন, ‘সিনেমা সত্য জানার প্রশস্ত একটি পথ। সেই সিনেমা এখন ভয়াবহ দিকে রূপ নিচ্ছে। আমাদের কাজের মান বাড়ছে না। চলচ্চিত্রে আমরা যদি কাজের মান বাড়াতে পারি, তাহলেই আমরা আমাদের কাক্সিক্ষত জায়গায় পৌঁছাতে পারব। আমরা যদি ভারতীয় শিল্পীদের কথা বলি, তাহলে রাজনীকান্তের কথা বলতেই হয়। কীভাবে তিনি এ বয়সেও কাজ করে চলেছেন। তাদের নিয়ে গল্প হচ্ছে। সেগুলো গল্প আবার সুপারহিট তকমা পাচ্ছে। এখনো তার সিনেমা দেখার জন্য ভোর ৪টায় মানুষ লাইন ধরে টিকিট কাটছে। কী আছে সেই সিনেমায়? আমাদের এমন জায়গা তৈরি করতে হবে।’

এদিন আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, প্রযোজক শাহরিয়ার শাকিল, সিনেপ্লেক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমেদ শাম্মি।