শুক্রবার রাতে সৌদি প্রো লিগে সপ্তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল আল শাবাব ও আল নাসর। জয়ের পথেই ছিল আল নাসর। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল শোধ দেয় শাবাব। তবে পর্তুগিজ মহাতারকা রোনালদো পেনাল্টি থেকে গোল করে নাসরকে জয় এনে দেন। তাতে রোনালদোর ক্যারিয়ার গোল বেড়ে দাঁড়াল ৯০৭। শেষ সময়ে পেনাল্টি থেকে গোল করতে পারেনি শাবাব।
প্রথমার্ধে দুই দলই আক্রমণ করে কিন্তু গোল হয়নি। ৬৯ মিনিটে কর্নার থেকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ ভলিতে গোল করে নাসরকে এগিয়ে দেন লাপোর্তে। ৯০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন আল নাসরের আলি আল হাসান! সেখানেই রোমাঞ্চের শেষ নয়। যোগ করা সময়ে আল নাসরের আব্দুল রহমান বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করেন রোনালদো।
আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে দুই ম্যাচ খেলে একটিতে গোল করেছিলেন সিআরসেভেন। ক্লাবে ফিরে ফের গোল পেলেন। তবে ম্যাচের উত্তেজনার শেষ হয়নি সেখানে। যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আল নাসরের মোহামেদ সিমাকান। পেনাল্টিতে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল আল শাবাব। কিন্তু আব্দেররাজাক হামাদাল্লাহ বল মেরে বসেন পোস্টে।
ম্যাচ শেষে রোনালদো চার শব্দের বার্তার সঙ্গে ছবি পোস্ট করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লেখেন, ‘আমরা কখনো হাল ছাড়ি না।’ ৭ ম্যাচ শেষে ১৭ পয়েন্টে দ্বিতীয় স্থানে আছে আল নাসর। সমান ম্যাচে ২১ পয়েন্টে শীর্ষে আল হিলাল। আল ইত্তিহাদের পয়েন্ট ৬ ম্যাচে ১৫।