জনপ্রশাসন সংস্কার কমিশনে সব ক্যাডারের প্রতিনিধিত্বের দাবি

সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের প্রতিনিধিত্ব ছাড়া শুধু প্রশাসন ক্যাডারের সদস্যদের দিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করায় তা প্রত্যাখ্যান করে সব ক্যাডারের সমন্বয়ে কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। গতকাল শনিবার রাজধানীর তুলা ভবনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে ২৫টি ক্যাডারের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান পরিষদের সমন্বয়করা।

সভায় বক্তারা বলেন, সরকারকে বিভ্রান্ত করে আগের মতো একপেশে সুপারিশ-সংবলিত কমিশন রিপোর্টের বিষয়ে সতর্ক থাকতে হবে। ২৫ ক্যাডার দেশে বৈষম্যহীন সেবা ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।

এ সময় বক্তারা বিভিন্ন ক্যাডারের বৈষম্য তুলে ধরেন এবং এ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন। ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতা ও কর্মকর্তারা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবির সঙ্গে একমত পোষণ করে সর্বাত্মক সহায়তার আশ^াস দেন। সভায় সব ক্যাডারের নেতারা সারা দেশের সব ক্যাডার সদস্যদের পরিষদের কাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিষদের কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান জানান।

সমন্বয়কদের পক্ষ থেকে এ সময় বিভিন্ন কর্মসূচির রোডম্যাপ তুলে ধরা হয়। দ্রুত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে বৈষম্য নিরসনে করণীয় বিষয়ে উপদেষ্টাকে অবগত করার সিদ্ধান্ত হয় বৈঠকে।