লেবাননের রাজধানী বৈরুতে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাহিনী। হামলা শুরুর এক ঘণ্টারও কম সময় আগে স্থানীয় বাসিন্দাদের বৈরুতের দক্ষিণের শহরতলি দাহিয়েহ থেকে দ্রুত সরে যেতে নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। স্থানীয় সংবাদমাধ্যমে দাহিয়েহতে অন্তত দুটি বিমান হামলা হওয়ার খবর প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) কমপক্ষে ১২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। হামলায় সেখানে কমপক্ষে একটি বহুতল ভবন পুরোপুরি ধসে গেছে। লেবাননের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরে রকেট হামলা চালিয়ে যাচ্ছে।
দাহিয়েহ ছাড়াও এদিন হারেত হেরিক এবং কাছাকাছি হাদাথ এলাকার অন্তত দুটি ভবনের আশপাশ থেকে লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশ করা একটি মানচিত্রে ওই ভবন দুটি লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। ভবন দুটিতে ‘হিজবুল্লাহর অবস্থান এবং স্বার্থ’ আছে বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের ওই ভবন দুটি থেকে অন্তত ৫০০ মিটার দূরে চলে যেত বলেছে। বলেছে, শিগগিরই সেখানে হামলা চালানো হবে।
এই সতর্কবার্তা দেওয়ার এক ঘণ্টার কম সময় পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতে একাধিক হামলা চালায়।
তেল আবিবের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে গতকাল ড্রোন হামলা চালানো হয়েছিল। ওই হামলার পর নেতানিয়াহু বলেছেন, তাঁকে হত্যাচেষ্টাকারীদের চড়া মূল্য দিতে হবে।