রোমাঞ্চকর এক টেস্ট ম্যাচের সাক্ষী হলেন দর্শকরা। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে থেমে যাওয়ার পর ভারত যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, তাতে তারা ম্যাচ জিতে নিলেও অবাক হওয়ার কিছু থাকত না। কিন্তু সেটা হতে দেয়নি কিউইরা। ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড।
জয়ের জন্য কিউইদের সামনে টার্গেট ছিল ১০৭ রানের। গতকাল চতুর্থ দিনের শেষভাগে তারা ব্যাটিংয়ে নামলেও কোনো রান করতে পারেনি বা কোনো উইকেট হারায়নি। বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। আজ রবিবার শেষদিন সকালে টম ল্যাথামকে (০) এলবিডাব্লিউ করে ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন জসপ্রিত বুমরাহ। দলীয় ৩৫ রানে আরেক ওপেনার ডেভন কনওয়েকও (১৭) তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন। এতে অবশ্য কিউইদের জয় আটকানো যায়নি।
সপ্তম উইকেটে উইল ইয়ং আর রাচিন রবিন্দ্রর ৯২ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে কিউইরা সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ইয়ং ৭৬ বলে ৪৮ আর রাচিন ৪৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ১৩৪ এবং পরে ম্যাচ জেতানো ইনিংস উপহার দেওয়ায় রাচিনের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ২৪ অক্টোবর থেকে পুনেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।