এখন থেকে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করবে না সরকার। গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
রোববার দুপুরে (২০ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ফরেন চেম্বার আয়োজিত এক সভায় এই তথ্য জানিয়েছেন তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতির চক্র ভেঙে দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, গ্যাস অনুসন্ধানে বিগত সরকারের তেমন আগ্রহ ছিল না। বরং তারা জরুরি কারণ ও বাড়তি চাহিদা দেখিয়ে বিদ্যুৎকেন্দ্র তৈরি করেছে।
মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ২০২৫ সালের মধ্যে ৫০টি অনুসন্ধান কূপ খনন করতে চায় সরকার। এখন থেকে কোনো যোগসাজশের মাধ্যমে নয়, জ্বালানি খাতের সব কেনাকাটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হবে।
তিনি আরও বলেন, সরকার নয়, এখন থেকে গণশুনানির মাধ্যমে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করবে।
অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে রাজনৈতিক দলগুলো তা জানতে চাচ্ছে জানিয়ে তিনি বলেন, এতে জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে সংস্কারে খুব বেশি সময় পাবে না বর্তমান সরকার।
ধান কাটার মতো দাবি আদায়ের মৌসুম চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির যৌক্তিক দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। অস্থায়ী কর্মীদের স্থায়ী করার যে দাবি তুলেছে, সেটা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। হুট করে কোনো ঘোষণা দেওয়া যায় না।