যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ফেরিঘাট ধসে নিহত ৭

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের উপকূলে একটি ফেরিঘাটের কিছু অংশ ধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে মার্কিন কোস্ট গার্ডের জাহাজ। 

স্থানীয় সময় শনিবার বিকেলে সাপেলো দ্বীপের গুল্লাহ-গিচি সম্প্রদায়ের একটি উৎসব উদযাপনকালে এ দুর্ঘটনা ঘটে। সে সময় ঘাটে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। খবর আল জাজিরা ও সিএনএন।

ফেরি পরিচালনাকারী জর্জিয়া প্রাকৃতিক সম্পদ বিভাগের মুখপাত্র টেইলর জোনস বলেন, সাভানা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে জর্জিয়া ব্যারিয়ার দ্বীপে শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ফেরির জন্য ঘাটে অপেক্ষমান মানুষের ভিড় ছিল।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই তারা হেলিকপ্টার ও নৌকা নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

সাপেলো দ্বীপে কেবল নৌকা ও ফেরির মাধ্যমে পৌঁছানো যায়। সরকারি ফেরিতে করে এই দ্বীপে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় লাগে। জর্জিয়া থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত বসবাস করা দ্বীপ সম্প্রদায়গুলোর একটি গুল্লাহ গিচি।

দ্বীপের বিচ্ছিন্ন জীবনের কারণে তারা এখনও আফ্রিকান সংস্কৃতি ধরে রাখতে পেরেছে বলে মনে করা হয়। প্রতিবছর তাদের সাংস্কৃতিক দিবস ঘিরে উৎসব হয়।