বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবির বলেছেন, বিএনপি নামধারী আওয়ামী এজেন্ট তিনবারের বহিস্কৃত সুবিধাবাদী এক নেতা ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর দলের কোনো কর্মসূচিতে ও আন্দোলন সংগ্রামে দেখা যায়নি বিদেশে বসে আরাম করেছে এবং আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করেছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধমে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর সেই সুবিধাবাদী গোষ্ঠী আবার বিএনপির কিছু নেতাদের ছত্রছায়ায় সভা ও মিছিলে অংশ নিয়ে বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড করছে।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ঐক্য ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার সাথে ১৭ বছর বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে সেই পরিক্ষিত নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দল থেকে বহিষ্কৃত ওই সকল ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, বিভ্রান্তিকর অপপ্রচার ও মিথ্যা অভিযোগ দিয়েছে।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।
জিন্নাহ কবির বলেন, শেখ হাসিনা যে কাজ করেছে, সেই কাজ আমাদের করা যাবে না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সংখ্যালঘু হিন্দু পরিবার ও মন্দির এবং সরকারি স্থাপনা পাহারা দিয়ে রাখতে হবে। কোনো ধরনের অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
খলসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন দেওয়ান এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, শিবালয় উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুসহ প্রমূখ।