চাঁদপুরে ইলিশ ধরায় ১১ শিশুসহ ৪৭ জেলে আটক

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪৭ জন জেলে আটক হয়েছে। গত ২৪ ঘণ্টায় চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় তিনটি অভিযানে তাদের আটক করে টাস্কফোর্স।

এদের মধ্যে ১২ জন জেলেকে ১ মাস করে কারাদণ্ড, ২৪ জেলেকে বিভিন্ন অংকের জমিরানা ও ১১ জন অপ্রাপ্তবয়স্ক শিশু জেলেকে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়। রোববার দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, শনি (১৯ অক্টোবর) থেকে রোববার (২০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্স পৃথক তিনটি অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আনোয়ার হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান ও চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন।

টাস্কফোর্সের এসব অভিযানে কোস্টগার্ড, নৌ পুলিশসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন।

তিনটি ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান খান ও হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।

১ মাস করে কারাদণ্ড পাওয়া ১২ জন জেলে হলেন- মো. মমিন আলী (৪৫), আল-আমিন সৈয়াল (৩২), শাহজালাল মাল (৬৩), হাসান খান (১৮), রাকিব হোসেন (১৮), মানিক (২২), রাজিব মাল (২৫), হৃদয় মজুমদার (১৯), রাকিব খান (২০), নয়ন (১৮), আরিফ শেখ (২৩) ও আল-আমিন (৩৫)।

জরিমানা করা ২৪ জেলে হলেন- শাহাবুদ্দিন (২৮), শিপন (২৮), আনসার খান (২৬), গিয়াস পাটওয়ারী (২৫), রিপন খান (২৪), হাসান গাজী (২০), আল-আমিন (২২), সরাফত গাজী (৩০), মাইনুদ্দিন ঢালী (৩০), শাহাদাত কাজী (৩০), আলমগীর গাজী (৪৫), জয়নাল বেপারী (৬৪), হৃদয় দেওয়ান (২০), ফরহাদ পাটওয়ারী (১৮), ফারুক মোল্লা (২৩), গোলাম রুসুল (৬৩), ওসমান গণি (৬০), রুবেল ঢালী (২২), ইব্রাহীম বেপারী (৬৮), সোলেমান বেপারী (৫৫), মিজানুর রহমান বেপারী (৬০), মো. কালু (৩০), পারভেজ (২২) ও মরণ বেপারী (৫২)।

১১ শিশু জেলে হলো- রাকিব সামি (১৪), নয়ন সরদার (১৪), আবুল হোসেন (১৫), ইব্রাহীম (১৪), হৃদয় গাজী (১৪), বাবুল (১৫), ইউনুছ আলী (১১), সাইদুল (১২), ওসমান মোল্লা (১৩), রাজিব (১১) ও মোবারক (১৭)।