বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার রিমান্ডের এ আদেশ দেন।
এদিন রিমান্ড আবেদনের শুনানি উপলক্ষে এ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মাহাবুল ইসলাম এ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ জুলাই যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মহাখালী থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়। পরদিন রমনা মডেল থানার ছাত্র আন্দোলনে গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।