অন্ধ্রপ্রদেশে জনসংখ্যা বাড়াতে যে অভিনব পন্থা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ক্রমশ বাড়ছে বয়স্কদের সংখ্যা। আর তা নিয়ে চিন্তায় পড়েছেন ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই সমস্যা মোকাবিলায় দক্ষিণ ভারতের মানুষের প্রতি তার বার্তা, যত বেশি করে সম্ভব সন্তানের জন্ম দিন। যাতে আগামী দিনে আরও বেশি করে অল্প বয়সীদের সংখ্যা বাড়ে।

শনিবার আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রসঙ্গে বেশ কিছু মন্তব্য করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'রাজ্য সরকার এমন একটি আইন আনার কথা ভাবছে, যে আইন অনুসারে, কেবলমাত্র সেই সমস্ত ব্যক্তিরাই স্থানীয় প্রশাসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, যাদের দুইয়ের বেশি সন্তান থাকবে।'

এই প্রসঙ্গে আগের একটি আইনের কথা বলেন চন্দ্রবাবু এবং বর্তমান পরিস্থিতিতে সেই আইনের বিপরীত প্রয়োগের পক্ষে কথা বলেন তিনি। উল্লেখ্য, আগে রাজ্যে এমন এক আইন পাস করা হয়েছিল, যার মাধ্যমে দুইয়ের বেশি সন্তান যাদের রয়েছে, তারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না।

এ নিয়ে চন্দ্রবাবু বলেন, 'আমরা সেই আইন বদলে দিয়েছি। এবং এখন আমরা ভাবছি, সেই আইন বিপরীতভাবে প্রয়োগ করব। এমনকী, যেসমস্ত পরিবারে অধিক সন্তান থাকবে, তাদের সরকারের তরফে বেশি সুযোগ-সুবিধাও প্রদান করা হতে পারে।'

তিনি আরও বলেন, 'যদিও ২০৪৭ সালের আগে পর্যন্ত আমাদের কাছে জনসংখ্যাগত সুবিধা রয়েছে। তা সত্ত্বেও অন্ধ্রপ্রদেশসহ দক্ষিণ ভারতে ইতিমধ্যেই প্রবীণ নাগরিকদের আধিক্যের সমস্যা সামনে আসতে শুরু করেছে। জাপান, চীন এবং একাধিক ইউরোপীয় দেশ ইতিমধ্যেই এই সমস্যার মুখে পড়েছে। কারণ, তাদের মোট জনসংখ্যার একটা বড় অংশই প্রবীণ। দক্ষিণ ভারতে প্রধান সমস্যা হলো, তরুণদের অধিকাংশ অন্যান্য রাজ্যে বা বিদেশে গিয়ে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করছেন।'