ঢাকা বোর্ডের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভ, হামলায় আহত ৬

এইচএসসি ও সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা ফল বাতিল করে পুনরায় ফল তৈরি ও প্রকাশের দাবি জানিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন। আজ রবিবার বেলা ১টার দিকে বিক্ষোভ করার পর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে গিয়ে ভাঙচুর চালান শিক্ষার্থীরা। পরে শিক্ষা বোর্ডের কর্মকর্তার মারধরে ৬ শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে বকশিবাজার ঢাকা উচ্চ মাধ্যমিক বোর্ডে এই ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহতরা হলেন ভোলার লালমোহন সরকারি সাহবাজপুর কলেজের শিক্ষার্থী সাগর (১৭), নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী শাহরিয়ার (১৮), কেরানীগঞ্জ বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাহমিদা হোসেন পিয়াংকা (১৭), ওলি নেওয়াজ খান কলেজের শিক্ষার্থী ওয়াহিদ (১৯), গোপালগঞ্জ শেখ লুৎফর রহমান আদর্শ কলেজের শিক্ষার্থী আশুতোষ দাস (১৮) ও ময়মনসিংহর ভালুকা ডিগ্রি কলেজের শিক্ষার্থী জান্নাতুল দৃষ্টি (১৮)।

এ সময় আহতরা বলেন, এইচএসসির ফল নিয়ে আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এ বিষয় নিয়ে আমরা যোগাযোগ করে আজ দুপুরে শিক্ষাবোর্ডে এসেছিলাম চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে। কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলা তো দূরের কথা, অসৌজন্যমূলক আচরণ করেন। আমরা প্রতিবাদ করায় তিনিসহ তার লোকজন আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আমরা এই হামলার বিচার চাই এবং শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শিক্ষাবোর্ড থেকে ৬ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।