বায়তুল মোকাররমে হামাসপ্রধান সিনওয়ারের গায়েবানা জানাযা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার যোহরের নামাজের পর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় শহিদ হামাসপ্রধান ইয়াহিয়া ইব্রাহিম হাসান সিনওয়ারের গায়েবানা জানাযার নামাজ আদায় করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের ইমামতিতে জানাযা সম্পন্ন হয়।

পরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা দেখে আরববিশ্বের নীরবতা ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের জন্য নেতিবাচক ভূমিকা রাখবে। ফিলিস্তিন দখল হলে এর বিপদ কেবল ফিলিস্তিনিদের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের সকল দেশকেও ভোগ করতে হবে।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলো নিজেদের মানবতার রক্ষক দাবি করে। মানবতার ফেরিওয়ালা সেজে আমাদের সবক দিতে আসেন। কিন্তু ফিলিস্তিনে গণহত্যায় তারা প্রত্যক্ষ-পরোক্ষ মদদ দিচ্ছে। এটা তাদের চরম দ্বিচারিতার বহিঃপ্রকাশ। ইসরায়েল নারী, শিশু ও নিরীহ মানুষদের হত্যা করছে, ঘরবাড়ি ধ্বংস করছে, আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষদের আটকে রেখেছে। গাজার ওপর অবরোধের ফলে মানুষের মৌলিক চাহিদা মেটাতে বাধা হচ্ছে, শিক্ষার সুযোগ সংকুচিত হচ্ছে। এই মানবিক বিপর্যয়ের মধ্যে জাতিসংঘ ও ওআইসির নীরবতা ফিলিস্তিনিদের জীবন আরও দুর্বীষহ হয়ে উঠেছে।

জানাজায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্কুল সম্পাদক সিদ্দিক আহমেদ, ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাহ উদ্দিন, স্পোর্টস সম্পাদক আসাদুজ্জামান, তথ্য সম্পাদক গালিব আব্দল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলা উদ্দিন, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি এইচ এম সালাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ফরহাদ হোসেন প্রমুখ।