ফেনীর দাগনভূঞা উপজেলা সাব রেজিস্টার মো. অকিল উদ্দিন (আপেল) সপ্তাহে দুই-তিন দিন অফিস করেন। ওই কর্মকর্তা সপ্তাহের বাকি দিনগুলো অনুপস্থিত থাকেন। কর্মস্থলে যোগদানের পর থেকেই তিনি এভাবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (২০ অক্টোবর) সরেজমিনে সাব রেজিস্টার কার্যালয়ে গিয়ে খোঁজ নিয়ে এর সত্যতাও পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গিয়েও তাকে অফিসে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ছুটি নিয়ে গ্রামের বাড়ি গাজীপুরে গেছেন বলে জানান। তার কক্ষের পাশে বসা অফিস সহকারী আবু নছর বলেন, ‘স্যার অসুস্থ। এ কারণে অফিসে আসেননি।’
এ ব্যাপারে জেলা রেজিস্টার সালাউদ্দিন আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি তার রবিবারের ছুটির কথা জানেন না। তবে তিনি বৃহস্পতিবার ছুটিতে ছিলেন বলে জানান। প্রতি সপ্তাহে তিনি তিনদিন অফিস করেন এমন তথ্য জানালে জেলার রেজিস্টার বলেন, ইতিপূর্বে তিনি অন্য জায়গায় ডেপুটেশনে দুইদিন ছিলেন তাও অনেক আগে এখন তো তিনি প্রতিদিন অফিস করেন।
সাংবাদিকরা অফিসে এসেছে এমন তথ্য পেয়ে রবিবার বেলা ২টায় সাব রেজিস্টার মো. অকিল উদ্দিন তার অফিসের পিয়ন দিয়ে আগে থেকেই তৈরি করা একটি ছুটির আবেদন জেলা রেজিস্ট্রার অফিসে পাঠান।
এ সময় জেলা রেজিস্ট্রার বলেন, দাগনভূঞা উপজেলা সাব রেজিস্টার অসুস্থজনিত ছুটিতে আছেন। তিনি আপেলের দস্তখতকৃত ছুটির আবেদন প্রতিবেদককে সরবরাহ করলেও তা কার্যত আগেকার কোনো এক সময়ের ছুটির আবেদন ছিল।
তিনি এ সময় আরও বলেন, এর আগে সাব রেজিস্টার মো. অকিল উদ্দিন (আপেল ) ছাগলনাইয়া ও লেমুয়াতে ডেপুটেশনে ছিলেন। তবে কখন ছিলেন এই তথ্য তিনি জানাননি।
এ ব্যাপারে দাগনভূঞা উপজেলার কয়েকজনের দলিল লেখকের সাথে কথা বললে তারা নাম প্রকাশ না করা শর্তে জানান, সাব রেজিস্টার এখানে যুক্ত হওয়ার পর থেকে তিনি সপ্তাহে তিন দিন অফিস করেন। তার বাড়ি গাজীপুর বিদায় তিনি বুধবার চলে যান ও সোমবার আসেন।