এইচএসসির সাতটি বিষয়ে অটোপাসের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীদের একটি অংশ। বোর্ড কর্মকর্তা বলছেন, অটোপাসের দাবিতে তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।
আজ রবিবার দিনভর বিক্ষোভ-অবস্থানের পর রাতেও ঢাকা বোর্ডে অবস্থান করছেন আন্দোলনকারীরা। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ প্রায় সব কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা দিনভর এখানে ছিলাম। এখন অফিস শেষেও বের হতে পারছি না। শিক্ষার্থীরা এসে আমাদের অফিসে ভাঙচুর চালিয়েছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবগত করেছি। সেখান থেকে সিদ্ধান্ত এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে রাত সাড়ে ৭টার দিকে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার নিচে এসে অবস্থানরত শিক্ষার্থীদের সামনে সরকার তথা শিক্ষা বোর্ডের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, তোমরা আন্দোলন করেছ, দাবি জানিয়েছ। বিষয়টি নিয়ে সরকার আলোচনা করে ব্যবস্থা নেবে। তোমাদের ওপর আজকে যারা এখানে হামলা চালিয়েছে বা মারধর করেছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পক্ষে-বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তাদের সঙ্গে অনেক নারী অভিভাবককেও দেখা গেছে। বেলা পৌনে ২টার দিকে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা।
এদিকে দুপুরে শিক্ষা বোর্ডের প্রবেশের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিন ছাত্রীসহ ছয়জন আহত হন। তাদের মধ্যে দুজন ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিয়েছেন। তাদের নাম প্রিয়াঙ্কা (১৮) ও জান্নাতুল (১৮)।