সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ পদে দায়িত্ব পেলেন ৫ জন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাংগঠনিক কাঠামোয় (অর্গানোগ্রাম) তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দুটি পদ আছে। কিন্তু সিডিএ কর্তৃপক্ষ নিয়মনীতির তোয়াক্কা না করে পাঁচজন নির্বাহী প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব দিয়েছে। তাদের নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা হলেন কাজী হাসান বিন শামস, এ এ এম হাবিবুর রহমান, মোহাম্মদ মনজুর হাসান, মো. আশরাফুল ইসলাম ও এ জি এম সেলিম। কাজী হাসান বিন শামসকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী করা হয়েছে। হাবিবুর রহমান, মনজুর হাসান ও আশরাফুল ইসলামকে বিভিন্ন প্রকৌশল এবং প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। এ জি এম সেলিমকে প্রকৌশল কাজের বাইরে ইমারত নির্মাণ কমিটি-১ ও ২-এর চেয়ারম্যান করা হয়েছে।  গত ১ অক্টোবর সিডিএ থেকে পাঁচজন প্রকৌশলীকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব দেওয়া-সংক্রান্ত একটি আদেশ জারি হয়, যাতে সিডিএর সচিব রবীন্দ্র চাকমার স্বাক্ষর রয়েছে। তাতে এ জি এম সেলিমকে ইমারত নির্মাণ কমিটি-১ ও ২-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিডিএর একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এ জি এম সেলিম মূল কাঠামোভুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী নন। ফলে তার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্বটিই বৈধ নয়, কারণ সিডিএর কাঠামো অনুযায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পদ দুটি। সেলিমকে করা হয়েছে ৫ নম্বর তত্ত্বাবধায়ক প্রকৌশলী। গত ১৪ অক্টোবর এ-সংক্রান্ত একটি চিঠিও মন্ত্রণালয় থেকে করে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

সিডিএর সচিব রবীন্দ্র চাকমার (উপ-সচিব) কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।