পঞ্চগড়ে সারজিস

১৮ বছরের হিমেলের মাথায় সাড়ে তিনশ বুলেট লেগেছিল

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ছাত্র আন্দোলনে ১৮ বছরের হিমেলের মাথায় ৩৫০টি ছোট পিলেট বুলেট লেগেছিল। সে সময় পঞ্চগড়ে আন্দোলনের প্রকোপ কম থাকলেও ঢাকা বা বিভিন্ন জেলায় দেখা গেছে মানুষের মুখের সামনে গুলি করেছে আর পেছন দিয়ে বের হয়ে গেছে।’

গতকাল রবিবার দুপুরে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আন্দোলনে এ রকম কারও হাত নেই, কারও পা নেই, কারও, চোখ নেই, কেউ পৃথিবীর আলো দেখবে না, আর কোনোদিন হাঁটতে পারবে না। আহত মানুষের সংখ্যা প্রায় ৪০ থেকে ৫০ হাজার।’

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, সহ-সমন্বয়ক খোরশেদ মাহমুদ, আতিকুজ্জামান আতিকসহ জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।