‘কী ছিলে আমার’খ্যাত কণ্ঠশিল্পী মনি কিশোর (৬৬) মারা গেছেন। গত শনিবার রাতে রাজধানীর রামপুরায় তার নিজ বাসা থেকে নব্বই দশকের জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, রামপুরার বাসায় একাই থাকতেন মনি কিশোর। কয়েক দিন ধরে ঘর থেকে বের হননি। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তিনি মারা গেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন নেই।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) শাহাদত হোসেন দেশ রূপান্তরকে জানিয়েছেন, মনি কিশোরের বাসার দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল। কয়েক দিন তার বাসা থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ৯৯৯ কল করেন প্রতিবেশীরা।
পারিবারিক সূত্র জানিয়েছে, নব্বই দশকের শুরুতে বিয়ে করেছিলেন মনি কিশোর। দেড় যুগ আগে সেই সংসার ভেঙে যায়। তার একমাত্র মেয়ে নিন্তি যুক্তরাষ্ট্রপ্রবাসী। পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন মনি কিশোর। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি। ১৯৫৮ সালে নড়াইলের লক্ষ্মীপুরে মামাবাড়িতে জন্ম নেওয়া মনি কিশোরের ৩০টির বেশি একক অ্যালবাম রয়েছে।