বার্সেলোনার উদীয়মান তারকা গাভির জন্য এটি ছিল এক স্মরণীয় রাত। চোটে দীর্ঘ ১১ মাস মাঠের বাইরে থাকার পর, বার্সেলোনার জার্সিতে মাঠে ফিরেছেন তিনি। আর প্রতিভাবান এই ফরোয়ার্ডের ফেরা ৫-১ গোলের জয় দিয়ে রাঙিয়েছেন লেভানডফস্কি-পেদ্রি-তোরেরা।
গতবছরের নভেম্বরে স্পেনের হয়ে খেলার সময় হওয়া লিগামেন্টের গুরুতর চোটে পড়েন। সেই চোট থেকে সেরে ওঠা এবং মাঠে ফেরার প্রতীক্ষা ছিল গাভির জন্য অত্যন্ত কঠিন। এস্তাদি অলিম্পিক লুইসে সেভিয়ার বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে বদলি হিসেবে নামার সময় সতীর্থ পেদ্রি অধিনায়কের বাহুবন্ধনী পরিয়ে দেন গাভিকে। অধিনায়ক হিসেবে মাঠে নামার এই সম্মাননায় ভীষণ আবেগাপ্লুত হন গাভি। এ প্রসঙ্গে পেদ্রি বলেছেন, ‘এটা ওর প্রাপ্য ছিল। সে খুব পরিশ্রমী, মানুষ হিসেবেও দারুণ। সবাই দেখেছে, সে মাঠে নামার সময় সমর্থকদের কতটা ভালোবাসা পেয়েছে।’
গাভি বলেন, "মাঠে নামতে না পারা আমার জন্য সবচেয়ে কষ্টের বিষয় ছিল। আমি দলের সবাইকে বাইরে থেকে কঠোর পরিশ্রম করতে দেখেছি এবং কয়েক মাস ধরে আমি এই মুহূর্তটির স্বপ্ন দেখেছি। আমি আমার সতীর্থদের কাছে কৃতজ্ঞ, যারা আমার ফেরাটা সহজ করেছে।"
এই ম্যাচে বার্সেলোনা শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। রবার্ট লেভানডফস্কি, পেদ্রি এবং পাবলো তোরের গোলে সেভিয়ার বিপক্ষে ৪-০ গোলে এগিয়ে যায় তারা। গাভি মাঠে নামার কিছু পরেই সেভিয়ার স্তানিস ইদুম্বোর সান্ত্বনাসূচক একটি গোল হলেও, পরের মিনিটেই পাবলো তোরে বার্সার পঞ্চম গোলটি করেন।
বার্সেলোনার কোচ ফ্লিক বলেন, "আজকের জয় আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। তবে, গাভি ও অন্য খেলোয়াড়দের চোট কাটিয়ে ফেরাটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়।"
গাভির এই প্রত্যাবর্তনের পর বার্সেলোনা দলটি আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে ফ্লিকের সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। এরপর শনিবার অপেক্ষা করছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো।