নতুন সরকার গঠনের পরপরই সন্ত্রাসী হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠলো ভারতের জম্মু ও কাশ্মির। সন্ত্রাসী হামলায় এক চিকিৎসকসহ ৬ জন শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে অঞ্চলটিতে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
গতকাল রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় গানদেরবাল জেলার গুন্ড এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ৬ টানেল নির্মান শ্রমিক ও এক চিকিৎসক প্রাণ হারান।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, দুইজন বন্দুকধারী সন্ত্রাসী একটি বেসরকারি কোম্পানির ক্যাম্প হাউজিং কর্মীদের ওপর গুলি চালায়। গুন্ড এলাকায় একটি নির্মাণাধীন টানেলে কাজ করছিল তারা।
গোলাগুলির পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে এখনো এ হামলায় দায় স্বীকার করেনি কেউ। এলাকাটি সেনাবাহিনী ও পুলিশ ঘিরে রেখেছে এবং হামলাকারীদের খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এনডিটিভি জানায়, হামলাকারীরা একটি ইনসাস রাইফেল রেখে গেছে। এ সময় কোম্পানির দুটি গাড়িও আগুনে পুড়ে গেছে।
১৬ অক্টোবর নতুন সরকার গঠিত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরে। মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলো এ অঞ্চলে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নতুন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন, সোনমার্গে শ্রমিকদের ওপর হামলা দুঃখজনক। নিরস্ত্র মানুষের ওপর এই হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ দেন তিনি।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও ভয়াবহ এ সন্ত্রাসী হামলার নিন্দা জানান।