সাবেক সচিবের ফার্ম থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়ায় সাবেক এক সচিবের ফার্ম থেকে বীরেন্দ্র মালাকার সুকু (৪০) নামের এক কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ভাটেরা ইউনিয়নের হোসেনপুর এলাকার সাবেক সচিব মিকাইল শিপারের মালিকানাধীন ফার্ম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

তবে, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। সুকু ওই এলাকার মৃত ধীরেন্দ্র মালাকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটেরা ইউনিয়নে অবস্থিত সাবেক সচিব মিকাইল শিপারের বাগান বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সুকু। সোমবার সকালে ফার্মের টিনের ঘরের ভেতরের একটি কাঠের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা এখনও বলা যাচ্ছে না। বিষয়টি উদঘাটনে কাজ চলছে। তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।