ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের সঙ্গে কাজ করবে ৩০০ শিক্ষার্থী: স্বরাষ্ট্র উপদেষ্টা

যথাযথ সম্মানীর মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের সঙ্গে ৩০০ শিক্ষার্থী কাজ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম।

আজ (২১ অক্টোবর) সোমবার সকালে ট্রাফিক পক্ষ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে এখন থেকে ৩০০ শিক্ষার্থী পুলিশের সঙ্গে কাজ করবে। পরবর্তীতে এই শিক্ষার্থীদের সংখ্যা আরও বাড়ানো হবে। এতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে।

তিনি বলেন, যে পরিমাণ রাস্তা থাকা দরকার বাস্তবে তা নেই। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়কে অবস্থান নেয়ায় সড়কের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। বৈধ অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজটের আকার দিন দিন বেড়েই চলছে। (শেখ হাসিনা) সরকারের পতনের পর ঢাকাসহ সারাদেশের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ৪ নভেম্বর পর্যন্ত চলবে ট্রাফিক পক্ষ। এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।