সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর হয়ে প্রথম ইনিংসে ঝড় তুলেছিলেন তানজিদ হাসান। দ্বিতীয় ইনিংসে সেই ঝড় অব্যাহত রাখেন ওপেনার সাব্বির হোসেন। তার ব্যাটিং তাণ্ডবে খুলনার সামনে বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে রাজশাহী। প্রথম ইনিংসে ২৩২ রানে এগিয়ে থাকা রাজশাহী ৬ উইকেটে ২৮৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। সব মিলিয়ে খুলনাকে ৫১৬ রানের বিশাল লক্ষ্য দেয় রাজশাহী।
এই বছর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে দুই ম্যাচে নড়বড়ে নব্বইতে আউট হয়েছিলেন সাব্বির হোসেন। মোহামেডানের বিপক্ষে ৯১ রানে আউট হন এবং গাজী টাইগার্সের বিপক্ষে ২ রানের জন্য হাতছাড়া করেন সেঞ্চুরি। সেই আক্ষেপ নিয়েই শেষ করেছিলেন টুর্নামেন্ট। তবে জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই অসাধারণ সেঞ্চুরির উচ্ছ্বাস করলেন রাজশাহীর এই ওপেনার।
সাব্বির ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মাত্র ১০০ বলে, ৭টি চার ও ৫টি ছক্কায়। এরপর আরও ৬টি চারের সঙ্গে ১টি ছক্কা মেরে ১৩৯ বলে ১৫০ রান করে থামেন তিনি। তবে দলের আর কেউ ত্রিশ রানও করতে পারেননি। খুলনার হয়ে বোলিংয়ে নাহিদুল ইসলাম ২টি উইকেট তুলে নেন।
জবাব দিতে নেমে ৩৪ ওভার ১২০ রান তুলেছেন দুই ওপেনার সৌম্য আর অমিত। সৌম্য ৮০ রানে অপরাজিত রয়েছেন। তার ৭২ রানই এসেছে ১০ আর দুই ছক্কায়। অমিত ৩৭ রানে অপরাজিত রয়েছেন।
অন্যদিকে, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মাহিদুল ইসলাম অংকনের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকা প্রথম ইনিংসে ২২৪ রান তোলে। মাহিদুল ২৩৩ বলে ১১৮ রানের ইনিংস দিয়ে একাই এগিয়ে নেন দলকে। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছক্কা। ঢাকার আর কেউ ত্রিশ রানও করতে পারেননি। সিলেটের সৈয়দ খালেদ আহমেদ ৪টি উইকেট নেন।
প্রথম ইনিংসে ১৪৬ রান তোলা সিলেট দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে তুলেছে ৫২ রান।