সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে তিন রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের আলোচনা

সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। আজ সোমবার সকালে গুলশানে নরওয়ের রাষ্ট্রদূতের বাসায় তাদের সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা এ নিয়ে আলোচনা করেন।

জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি চমৎকার ও সন্তোষজনক হয়েছে। এ সময় নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের সাথে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতি এই আলোচনায় স্থান পায়। বর্তমানে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেন-এ সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বিদ্যমান থাকায় এ ব্যাপারে তাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর ব্যাপারে তাদের পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন ছাড়াও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার ও সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাক্স উইক্স অংশ নেন। এ সময় নরওয়ের ডেপুটি হেড অব মিশন মিস মারিয়ান রাবে ন্যাভেলসরুড উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন।