রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকার একটি বাসায় বাথরুমে পানিভর্তি বালতিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম হুমাইশা। ঘটনার সময় শিশটির মা রান্নাঘরে ছিলেন।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কাটাসুরের ৫/১ নম্বর ৬ তলা নিজেদের বাড়ির ৩ তলার বাসায় এই ঘটনা ঘটে।
শিশুটির নানী ইয়াসমিন বেগম জানান, বিকেলে বাসায় ছিলেন শিশুটির মা আসমা ইসলাম শিমু ও শিশুটির ৯ বছর বয়সী ভাই। ঘটনার আগ মুহূর্তে মা শিশু রান্না করছিলেন আর ভাই রুমে ছিল। কিছুক্ষণ পর হুমাইশাকে রুমের কোথাও দেখতে না পেয়ে বাথরুমে গিয়ে দেখেন, পানি ভরা বালতিতে উপুর হয়ে পড়ে আছে।
স্বজনরা জানান, সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে স্থানীয় আল মানারাত হাসপাতালে নেওয়া হয় শিশুটিকে। তবে অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ইসিজি করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা রতনের মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে রতন মোটস নামে একটি দোকান রয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে।