নিরাপদ সড়ক নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ অক্টোবর) ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
‘ছাত্র-শ্রমিক-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে মঙ্গলবার সারা দেশে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪’পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য-‘ছাত্র-শ্রমিক-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’।
প্রধান উপদেষ্টা বলেন, ‘প্রথাগত সড়ক ব্যবস্থাপনার ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে ২০১৮ সালে সংঘটিত শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে গণআন্দোলনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরাপদ সড়ক নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তিনি বলেন, ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম ও আপামর জনসাধারণের মাঝে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে অভূতপূর্ব ঐক্যকে কাজে লাগিয়ে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, শিক্ষক, মালিক, চালক, পথচারী, অভিভাবকসহ দলমত নির্বিশেষে সমাজের সবাই অঙ্গীকারবদ্ধ হয়ে এগিয়ে আসলে নিরাপদ সড়কের ধারণাকে বাস্তবরূপ দান করা সম্ভব।
বাণীতে তিনি ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।