জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে নিয়োগ পেলেন সারজিস ও স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে সারজিস আলম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ নিয়োগ পেয়েছেন। 

সোমবার (২১ অক্টোবর) ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বোর্ড সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটি সরকার অনুমোদিত একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা।

২০২৪ সনের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের কল্যাণার্থে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিগণের ওষুধপত্রসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা প্রদান করা এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।