বছর খানেক ধরেই ভারতীয় সিনেমা একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়ে আসছে। জাওয়ান, ডানকি, ক্রু-এর পর এবার একই দিনে মুক্তি পেতে যাচ্ছে বলিউড সিনেমা ‘ভুল ভুলাইয়া ৩’। আগামী ১ নভেম্বর ভৌতিক কমেডি ধাঁচের এ ছবিটি সাফটা চুক্তির মাধ্যমে একযোগে বাংলাদেশেও মুক্তি দেওয়া হচ্ছে।
সিনেমাটি বাংলাদেশে নিয়ে আসছেন পরিবেশনাকারী প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র। ‘রাত জাগা ফুল’ ছবির বিনিময়ে ‘ভুল ভুলাইয়া ৩’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলে দেশ রূপান্তরকে জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি।
তিনি বলেন, সরকারি যাবতীয় নীতিমালা মেনেই আমদানি করা হচ্ছে সিনেমাটি। তথ্য মন্ত্রণালয়ে অনুমোদনের আবেদন করা হয়েছে, এখন যাবতীয় প্রক্রিয়া প্রসেসিং চলছে। আশা রাখি এ সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে যাব।
তিনি আরও বলেন, ঈদ ছাড়া আমাদের বড় বাজেটের ছবি মুক্তি পাচ্ছে না, হলগুলো চালু রাখতে ভারতীয় ছবি আনতে হচ্ছে।
সেইসঙ্গে তিনি এও জানালেন, ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তির আগে আগামী ২৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে আরেক বলিউড সিনেমা ‘স্ত্রী ২’। দেশের ২৫ হলে এটি মুক্তি পাবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া’র তৃতীয় সিক্যুয়েল ‘ভুল ভুলাইয়া ৩’ পরিচালনা করেছেন আনিস বাজমি। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, প্রান্তিকা দাস, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক। এতে আরও দেখা যাবে মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরিকেও।
অন্যদিকে, ২০২১ সালে মুক্তি পাওয়া মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ এ অভিনয় করেছিলেন মীর সাব্বির, ঐশী, তানভীর, ফজলুর রহমান বাবু প্রমুখ।