মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ইতোমধ্যেই মুল্ডার-ভেরেইনার জুটিতে উঠেছে ৮১ রান। টেস্টে বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। এর আগে ২০২২ সালে পোর্ট এলিজাবেথে কেশব মহারাজকে নিয়ে ৮০ রানের জুটি গড়েছিলেন মুল্ডার।
এর মাঝে মুমিনুলের সৌজন্যে মুল্ডার একবার জীবনও পেয়েছেন। নাঈম হাসানের টেনে দেওয়া ডেলিভারি ক্রিজ ছেড়ে খেলার চেষ্টায় ঠিকঠাক পারেননি মুল্ডার। বল তার ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে প্যাডে লেগে উঠে যায় শর্ট লেগের দিকে। কিন্তু অনেকটা আলসেমি করেই যেন সহজ ক্যাচটি নিতে পারেননি মুমিনুল। ৪৭ রানে বেঁচে যান মুল্ডার। দিনের প্রথম সুযোগ হারায় বাংলাদেশ। ৬১ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ২১৫ রান। কাইল ভেরেইনা ৮৭ বলে ৬৩ ও মুল্ডার ৯৬ বলে ৪৭ রানে অপরাজিত।
মিরপুরে সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তবে প্রথম দিনের মতোই গ্যালারি বলতে গেলে প্রায় ফাঁকা। স্টেডিয়ামের সামনের রাস্তায় নিরাপত্তাবাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। টিকিট, পরিচয়পত্র চেক করেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। স্টেডিয়ামের গেটেও তল্লাশি করা হচ্ছে ব্যাগ। খেলা শুরুর আগে পিচ রিপোর্টে শন পোলক বলেছেন, আজও উইকেটে গতকালের মতো সুইং থাকবে। সকালের শুরুতে পেসাররা সুবিধা পাবেন। স্পিনাররাও টার্ন পাবেন বলে মনে করেন পোলক।
৬ উইকেটে ১৪০ রান নিয়ে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। তারা এগিয়ে ছিল ৩৪ রানে। কাইল ভেরানে ১৮ এবং ওয়েন মুল্ডার ১৭ রানে অপরাজিত ছিলেন। এর আগে ১০৬ রানে প্রথম ইনিংস শেষ হয় বাংলাদেশের।