তেল আবিবে মাঝারি পাল্লার রকেট হামলা হিজবুল্লাহর, জরুরি অবস্থা জারি

ইসরায়েলের তেল আবিবে হিজবুল্লাহর রকেট হামলায় বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে এলাকাটিতে জরুরি অবস্থার ঘোষণা দিয়ছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এছাড়া রকেট হামলার জেরে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের তেল আবিব এবং হাইফাতে মাঝারি পাল্লার রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এবারই প্রথম সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলে মাঝারি পাল্লার রকেট নিক্ষেপ করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

তেল আবিব শহরতলির নিরিট এলাকায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়। হামলার কয়েক মিনিট পর তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে উঠে।

হামলার পর এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, হাইফা এবং তেল আবিবে প্রায় ১২টি মাঝারি-পাল্লার রকেট নিক্ষেপ করেছে তারা। তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহর হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

অপর এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার উত্তর পশ্চিমে অবস্থিত 'স্টেলা মারিস নৌঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট হামলা চালিয়েছে'। এর আগে তারা জানিয়েছিল, তেল আবিবের শহরতলীতে দুইটি অবস্থানে হামলা চালিয়েছে তারা।

জ্যেষ্ঠ নেতাদের হত্যা ও আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা ও এত কিছুর পরও যে ইসরায়েলে হামলার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে, এই হামলার মাধ্যমে তারই জানান দিলো শিয়া সশস্ত্র গোষ্ঠীটি।