হোটেলের বারান্দায় কুকুরকে ধাওয়া করে পেছনে পেছনে ছুটছিলেন যুবক। পরে জানালা দিয়ে উঁকি দিতে গিয়ে তিন তলা থেকে পড়লেন এক তলায়। সেখানেই মৃত্যু হলো যুবকের। ভারতের হায়দরাবাদের একটি হোটেলে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম উদয় কুমার। তার বয়স ২৩ বছর। চন্দনগর এলাকার একটি হোটেলে বন্ধুর জন্মদিন উপলক্ষে গিয়েছিলেন যুবক। হোটেলের তিন তলায় চলছিল জন্মদিনের আসর। গোটা ঘটনা ধরা পড়েছে বারান্দায় বসানো সিসি ক্যামেরায়। ভিডিওতে দেখা গিয়েছে, বারান্দার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কুকুরটিকে ধাওয়া করে পেছনে পেছনে ছুটছিলেন যুবক।
এরপর ভিডিওতে দেখা যায়, বারান্দার এক প্রান্তে যে জানালা রয়েছে, তার পাল্লা খুলে উঁকি দিচ্ছেন যুবক। তার পরেই ভারসাম্য ধরে রাখতে না পেরে নিচে পড়ে যান তিনি।
পুলিশ জানিয়েছে, পড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। তবে যুবক মত্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে।