নোয়াখালীতে ভাঙচুর-চুরির মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়া থেকে জসিম উদ্দিন (৪৩) নামে সাবেক এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

এর আগে, দুপুর ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক মামলার আসামি জসিমকে উপজেলার জাহাজমারা ইউনিয়ন থেকে আটক করে নৌবাহিনী। তার বিরুদ্ধে এলাকায় হামলা, মারামারি, ভাঙচুর, চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন সে গা ঢাকা দিয়ে ছিল। কয়েক দিন আগে এলাকায় ফিরলে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  

হাতিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় দু’টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি একটি মামলায় জামিনে রয়েছে। অপর একটি মামলার পলাতক আসামি। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।