পাকিস্তানি মডেল-অভিনেত্রী মাহিরা খানকে প্রায় সবাই চেনেন। বর্তমানে ভারত ছাপিয়ে বিশ্বের অন্য দেশেও তারকাখ্যাতি পাচ্ছেন তিনি। কিন্তু এই তারকাখ্যাতি তৈরিতে ভূমিকা রেখেছে একটি বলিউড সিনেমা, যার নাম ‘রইস’। রাহুল ঢোলাকিয়া পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন শাহরুখ খান।
ফিল্মফেয়ার এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, দীপিকা পাডুকোন এমনকি সোনম কাপুরকেও ভাবা হয়েছিল আছিয়া চরিত্রে। কিন্তু শেষ পর্যন্ত তা চলে যায় মাহিরার কাছে।
রাহুল ঢোলাকিয়া বলেন, আমরা এমন একজনকে খুঁজছিলাম যিনি আশির দশকের প্রেক্ষাপটে মুসলিম নারীর চরিত্রে অভিনয় করবেন। এ জন্য প্রথম চাওয়া ছিল ভালো হিন্দি বলার দক্ষতা থাকা। সঙ্গে যদি একটু উর্দু দক্ষতা থাকে, তাহলে আরও ভালো।
চরিত্রটির জন্য যাদের নাম প্রস্তাব করা হয়েছিল তারা ‘ব্যয়বহুল’ ছিলেন উল্লেখ করে রাহুল বলেন, আমরা চেয়েছিলাম আমাদের নায়িকার ইনোসেন্স থাকবে। তখন শাহরুখের শাশুড়ি মাহিরার নাম প্রস্তাব করেন। গৌরী খান ও তার মা দুজনেই পাকিস্তানের টেলিভিশন শোতে মাহিরাকে দেখেছেন।
তখন কাস্টিং ডিরেক্টরকে মাহিরার বিষয়ে বলা হয়। আশ্চর্যজনক হলেও সত্যি সে সময় কিছু কাজে মুম্বাইতে গিয়েছিলেন মাহিরা। পরদিন তাকে অডিশন দিতে ডাকা হয় এবং রাহুল নিশ্চিত হন তারা রইসের আছিয়াকে খুঁজে পেয়েছেন। অন্যদিকে প্রত্যেক নায়িকারই একটা স্বপ্ন থাকে শাহরুখের সঙ্গে কাজ করার; সেই স্বপ্ন পূরণ হয় মাহিরার।